বিনোদন

ইতালিতে আ.লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় মামলা করবেন অভিনেত্রী বাঁধন

প্রবাহ রিপোর্ট ঃ ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা করতে যাচ্ছেন বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। বাঁধন জানান, তার নিরাপত্তার জন্য এখন তার সঙ্গে পুলিশ রয়েছে। তিনি ডকুমেন্ট যোগাড় করছেন। ৮ সেপ্টেম্বর তিনি হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার ঘটনায় মামলা করবেন। এ ঘটনায় তিনি ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডি ক্লিপ প্রকাশ করেছেন বাঁধন। ভিডিওগুলোতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যায়। তিনি জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশু সন্তানও সঙ্গে ছিল। বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় গালাগালও করা হয়। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালান। বার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না। বাঁধন বলেন, আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো। বাঁধন আরও বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি, আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button