বিনোদন

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন : জানালেন কৃতজ্ঞতা

প্রবাহ রিপোর্ট ঃ ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাক্সক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাঁধন। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’ ঘটনার পর বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। বাঁধন লেখেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’ ভক্ত ও দেশবাসীর ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান বাঁধন। তাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় নিজেকে ধন্য ও অত্যন্ত কৃতজ্ঞ মনে করছেন তিনি। সবশেষে সবার কাছে দোয়া চেয়ে বাঁধন লেখেন, ‘দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই ইতালিতে গেছেন বাঁধন। সোমবার রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে কিছু দুষ্কৃতকারী তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ঘটনার পর তার পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশে-বিদেশে অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button