গান শেখাবেন সামিনা চৌধুরী : গড়ে তুলছেন একাডেমি

প্রবাহ রিপোর্ট ঃ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবার গান গাওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে গান শেখানোর দায়িত্বও নিতে যাচ্ছেন এই গায়িকা। জানা গেছে, গান শেখাতে সামিনা চৌধুরী গড়ে তুলছেন ‘সামিনাস একাডেমি অব মিউজিক (এসএএম)’। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে একাডেমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এর আগে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন সামিনা চৌধুরী। সেখানে প্রায় দুই মাস থাকার পর দেশে ফিরে একাডেমির আনুষঙ্গিক কাজগুলো শেষ করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম ঘোষণা করা হবে। একাডেমি নিয়ে সামিনা বলেন, অনেক দিন ধরে অনেকে বলছিল গান শেখানোর কথা। স্বপনও (সামিনা চৌধুরীর স্বামী অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপন) বারবার বলছিল একটা একাডেমি করার জন্য। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি গান শেখানোর। মূলত অনলাইনে চলবে সামিনাস একাডেমি অব মিউজিকের কার্যক্রম। যারা সরাসরি শিখতে চায় সে ব্যবস্থাও থাকবে। সেটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই। একাডেমিতে প্রাথমিকভাবে গানের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে সামিনা চৌধুরীর। কণ্ঠের ব্যবহার, সুর-তাল, উচ্চারণ, গানের আবেগ, পরিবেশনাসহ সংগীতচর্চার প্রয়োজনীয় দিকগুলো শেখানো হবে। সংগীতের আবহে তার বেড়ে ওঠা। কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নাবীর কন্যা হিসেবে ছোটবেলা থেকে গানের সঙ্গে সামিনার পরিচয়। বাবার কাছে সংগীতে হাতেখড়ি। পরবর্তী সময়ে নিজের কন্ঠ ও গায়কির স্বতন্ত্র বৈশিষ্ট্যে তৈরি করেছেন আলাদা পরিচয়। দীর্ঘদিনের সেই আভিজ্ঞতা এবার তিনি ভাগ করে নিতে চান নতুনদের সঙ্গে। এদিকে একাডেমির প্রস্তুতির পাশাপাশি নিজের গানের কাজও চালিয়ে যাচ্ছেন সামিনা। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। সম্প্রতি তার কণ্ঠে একটি নতুন গানের রেকর্ডিং হয়েছে। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর করেছেন সম্রাট আহমেদ।



