বিনোদন

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। এবার নতুন সিনেমায় আরও চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর সেই চরিত্রের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন মিলিটারি ট্রেনিং। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নুসরাত ফারিয়া জানান, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লজ্জা’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চরিত্রটি পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তুলতেই বর্তমানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ফারিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) একটি কর্পোরেট আয়োজনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে অভিনেত্রী বলেন, ‘এটার পর ভিন্ন ভিন্ন অনেক কিছুই হবে, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এবার জাজ মাল্টিমিডিয়ার সিনেমা। এই প্রোডাকশনের সিনেমা বরাবরই ভালো কিছু দিয়ে এসেছে। আমার মনে হয়, অনেক ভালো কিছু করার সুযোগ আছে। দেখা যাক কী হয়।’ ‘লজ্জা’র গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। সমাজসচেতন একটি বিষয়কে কেন্দ্র করেই সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত এতে দেখা যাবে না নুসরাত ফারিয়াকে। সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কারণ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘তেমন কোনো ক্রিটিক্যাল কারণ নেই। আমি সিনেমাটির চরিত্রটিতে অভিনয়ের জন্য এক্সসাইটেড ছিলাম। কিন্তু কিছু কারণ ও সময়- সব মিলিয়ে আমাদের ব্যাটে-বলে মিলছিল না। সেজন্যই শেষ পর্যন্ত সিনেমাটি ছেড়ে দিতে হলো।’ নতুন সিনেমায় সামরিক প্রশিক্ষণ নিয়ে ফারিয়ার প্রস্তুতি তাই আগ্রহ তৈরি করেছে দর্শকদের মধ্যে। যদিও চরিত্রটির বিষয়ে বিস্তারিত সামনে আসেনি। এখন দেখার বিষয়, ‘লজ্জা’য় কোন রূপে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button