পাঁচ হাজার টাকা হারিয়ে দিশেহারা শাহরুখ : ফকিরের কথায় ‘বাদশা’!

প্রবাহ রিপোর্ট ঃ শাহরুখ খান, আজ যিনি বলিউডের ‘বাদশা’। কোটি কোটি টাকার পারিশ্রমিক, বিলাসবহুল জীবন, মান্নাতের মতো স্বপ্নের বাড়ি এবং বিশ্বজোড়া তার খ্যাতি। কিন্তু শাহরুখ খানের জীবনের শুরুর দিনগুলো মোটেই এমন ছিল না। তার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে, যখন ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাবে, তা তিনিও জানতেন না। তেমনই এক পুরনো ঘটনা আবারো সামনে এসেছে। একবার আজমির শরীফে গিয়ে পাঁচ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ। আর সেখানেই এক ফকির তাকে এমন একটি কথা বলেছিলেন, যা বহু বছর পরে গিয়ে অবিশ্বাস্যভাবে সত্যি বলে মনে হয়েছিল। ঘটনাটি শাহরুখের অভিনয় জীবনের শুরুর দিকের। অসুস্থ মা লতিফ ফাতিমা খানকে নিয়ে আজমির শরীফে গিয়েছিলেন শাহরুখ খান। সেই সময় তিনি আজকের ‘কিং খান’ নন, বরং নিজের জায়গা তৈরি করার লড়াইয়ে থাকা এক তরুণ। তাই ৫ হাজার টাকা হারিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়েন শাহরুখ। সেই সময়ই এক ফকিরের সঙ্গে তার দেখা হয়। শাহরুখকে সান্ত¡না দিয়ে ওই ফকির নাকি বলেছিলেন, ভবিষ্যতে তিনি বিপুল অর্থ উপার্জন করবেন, এমনকি একদিন তার আয় ৫০০ কোটি টাকায় পৌঁছাবে! শুনে শাহরুখ খুব একটা বিশ্বাস করেননি। কারণ তখন তার সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। অনেক বছর পরে সেই ঘটনার কথা নিজেই স্মরণ করেছিলেন শাহরুখ। তার বক্তব্য ছিল, তিনি এ ধরনের ভবিষ্যদ্বাণী বা অলৌকিক বিষয়ে বিশ্বাস করেন না। কিন্তু সেই সঙ্গে মেনে নিয়েছিলেন, সেই ফকিরের কথা শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। তার নিজের ভাষায়, তিনি বিশ্বাস না করলেও ওই মানুষটি ‘ঠিক’ ছিলেন। শাহরুখের জীবনের সঙ্গে এই ঘটনাটি তাই শুধুমাত্র কোনও অলৌকিক ভবিষ্যদ্বাণীর গল্প নয়। বরং এটি তার দীর্ঘ পথচলারও একটি প্রতীক। দিল্লি থেকে মুম্বাই এসে টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু করা, পরবর্তীতে বলিউডের অন্যতম প্রভাবশালী নায়ক হয়ে ওঠেন। একের পর এক সফল সিনেমা, বিপুল ব্যবসা এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা তাকে এমন জায়গায় নিয়ে যায়, যা হয়তো তার সংগ্রামের সময় কল্পনা করাও কঠিন ছিল।



