সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

প্রবাহ রিপোর্ট ঃ গাড়ির স্টিয়ারিংয়ে চিত্রনায়িকা, পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন গায়ক। শুক্রবার ছুটির দিনে এমনই এক দৃশ্য দেখা গেল অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায়। নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই তারকা শাবনূর ও রবি চৌধুরীকে দেখা গেল একসঙ্গে। গাড়ি চালাচ্ছিলেন শাবনূর, আর পাশে বসে গান শুনিয়ে যাচ্ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। পেছনের আসনে ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি ছুটছিল আপন গতিতে, চলছিল গান আর আড্ডা। সময়ের ব্যবধানে বহু বছর পেরিয়ে গেলেও নব্বইয়ের দশকের এই দুই তারকার বন্ধুত্ব যে এখনো অটুট, সিডনির সেই মুহূর্ত যেন তারই প্রমাণ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিডনিতে কাটানো দুই তারকার এমন আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর লিখেছেন, ‘সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।’ ভালোবাসি তোমাকে ছবিটির পরিচালক মহম্মদ হান্নান আর গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ভিডিওটি প্রকাশের পর স্মৃতিকাতর হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। মূলত স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তার আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর। তাই সময় বের করে একসঙ্গে ঘোরার পরিকল্পনা করেছিলেন তারা। শুক্রবার (৯ অক্টোবর) সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নেয়। সিডনির বিভিন্ন মনোরম জায়গা ঘুরিয়ে দেখান শাবনূর। ঘোরাঘুরির ফাঁকে বন্ধুর সঙ্গে গানও গেয়ে শোনান এই অভিনেত্রী। শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। মজার বিষয় হলো, দু‘জনের জন্মদিন একই দিনেÑ১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তারা। ভিডিওতে সেই বন্ধুত্বের কথাও তুলে ধরেছেন শাবনূর।



