বিনোদন

মৌসুমী বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার : দাবি ওমর সানীর

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। নব্বইয়ের দশকে নিজের রূপ, অভিনয় ও ব্যক্তিত্বের জাদুতে যিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন। ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পা রাখলেন তিনি। গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। দেশ থেকে দূরে থাকলেও জন্মদিনে ভক্ত, শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও বিশেষ এক তকমায় ভূষিত করে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ফেসবুকে মৌসুমীর কয়েকটি ছবির কোলাজ প্রকাশ করেছেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’ এর আগে জন্মদিনের আগের দিন মধ্যরাতে এক ভিডিও বার্তায় স্ত্রীকে নিয়ে আবেগঘন কথা বলেন ওমর সানী। সেখানে তিনি বলেন, ‘যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় নয়। আজ তোমার জন্মদিন। প্রায় ৩৫ বছর ধরে এই জন্মদিন পালন করে যাচ্ছি আমরা। তোমার গ্রিন কার্ড পাওয়ার খবরে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আমিও জানিয়েছি। এটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হচ্ছে।’ একই সঙ্গে মৌসুমীর সুস্বাস্থ্য কামনা করেন এই অভিনেতা। পাশাপাশি মানুষ তাকে যে ভালোবাসা ও সম্মান দিয়ে আসছে, আল্লাহ যেন তাকে আরও সম্মানিত করেন, সেই প্রার্থনাও করেন তিনি। বলে রাখা যায়, ১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মৌসুমী। নব্বইয়ের দশকের শুরুতে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে অমর নায়ক সালমান শাহরও। এরপর একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গোলাপি এখন বিলেতে’ ও ‘দেবদাস’। অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন মৌসুমী। এ ছাড়া ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ছয়বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে নির্মাণ করেন ‘মেহের নিগার’। এ ছাড়া রুপালি পর্দার বাইরেও প্লেব্যাক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন মৌসুমী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button