বিনোদন

পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নির্মাতার

প্রবাহ রিপোর্ট ঃ চলতি সময়ের আলোচিত অভিনেতা সাইদুর রহমান পাভেল। তার বিরুদ্ধে শিডিউল দিয়েও শুটিংয়ে অংশ না নেওয়ার অভিযোগ তুলেছেন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র নির্মাতা মানসুর আলম নির্ঝর। এই নির্মাতার দাবি, পাভেলের এমন কর্মকা-ে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে নাটকটির প্রযোজনা ইউনিট। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলনও করেছেন নির্মাতা। নির্মাতার অভিযোগ, গত ১৫ ও ২১ নভেম্বর শুটিংয়ের তারিখ নির্ধারিত থাকলেও পাভেল নির্ধারিত সময়ে সেটে উপস্থিত হননি। তার জন্য গাড়ি পাঠানো থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও অভিনেতার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও অভিযোগ করেন, এতে দুই দিনের শুটিং ঘিরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ইউনিট। এ পরিস্থিতিতে রোববার গভীর রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেন নির্ঝর। সেখানে তিনি বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছিল। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে পাভেল ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি বিবেচনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়া হয়। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর শুটিং করেন পাভেল। তবে ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ নির্মাতার। নির্ঝর বলেন, বিষয়টি ইতোমধ্যেই ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে অবহিত করা হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন নির্মাতা। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিতব্য ‘হাঙামা’ ধারাবাহিক নাটকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে। এদিকে নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button