আন্তর্জাতিক

ইরানের কাছে অব্যবহৃত আধুনিক অস্ত্র থাকার দাবি

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে ইরান। দেশটির একটি সামরিক সূত্র জানিয়েছে, তেহরানের কাছে এমন কিছু আধুনিক ও দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র রয়েছে, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি এবং কিছু ক্ষেত্রে পুরোপুরি পরীক্ষাও করা হয়নি। রাশিয়ার সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানানো হয়। ওই সামরিক সূত্র আরও দাবি করে, সম্ভাব্য যেকোনো মার্কিন বা ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে ইরানের কোনো ঘাটতি নেই, বরং প্রয়োজন হলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে জবাব দেওয়া হবে। এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অতীত সংঘাত থেকে কোনো শিক্ষা নেয়নি। বিবৃতিতে দাবি করা হয়, আগের সংঘাতে শত্রুরা তাদের সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করলেও ইরান তখন তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করেনি। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, নতুন কোনো হামলা হলে পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিক সীমানার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তাদের দাবি, প্রয়োজন হলে ইরান এমন জায়গা থেকে আঘাত হানবে যা শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এ ধরনের বক্তব্য অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা বাড়াতে পারে। তথ্যসূত্র : তাসনিম নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button