আন্তর্জাতিক

দাবি মানা ছাড়া ট্রাম্পের আর কোনও বিকল্প নেই: ইরান

প্রবাহ রিপোর্ট ঃ আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে আর কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেই-নিক বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ‘বৈধ অধিকার’ স্বীকার না করে, তাহলে ট্রাম্প প্রশাসনকে আরও বড় রাজনৈতিক ও কৌশলগত পরাজয়ের মুখে পড়তে হবে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চলমান এই ‘তৃতীয় আরোপিত যুদ্ধ’ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ইরানি জনগণের দাবি মেনে নেওয়া। রেজা তালেই-নিক বলেন, “মার্কিনি ও ইহুদি শত্রুর জন্য যুদ্ধক্ষেত্র এবং কূটনীতিÑউভয় ক্ষেত্রেই এই তৃতীয় যুদ্ধ থেকে বের হওয়ার একমাত্র পথ হলো ইরানি জনগণের দাবি পূরণ করা।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইরানের দেওয়া প্রস্তাব গ্রহণ করা এবং যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে মার্কিন জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর যে অতিরিক্ত ক্ষতি ও অর্থনৈতিক চাপ তৈরি হবে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। ইরানি মুখপাত্রের ভাষায়, “ইরানের প্রস্তাব গ্রহণ করার পাশাপাশি ট্রাম্পকে অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে যুদ্ধ অব্যাহত থাকলে মার্কিন জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরও ক্ষতি ও ব্যয় বৃদ্ধি না পায়।” বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য বর্তমান মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ তৈরির ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে সামরিক প্রস্তুতি, যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী এবং পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের অবস্থান ক্রমেই কঠোর হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কড়া ভাষার বক্তব্য সাধারণত কূটনৈতিক দরকষাকষির অংশ হিসেবেই ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষ নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরার চেষ্টা করে এবং আন্তর্জাতিক মহলের ওপরও প্রভাব তৈরির চেষ্টা চালায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের এই বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তথ্যসূত্র : আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button