আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে চীনের ‘অটুট’ সম্পর্কের প্রশংসায় শি

প্রবাহ ডেস্ক : পাকিস্তানের সঙ্গে চীনের ‘অটুট’ সম্পর্কের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে ওই আহ্বান জানান তিনি।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে স্বাগত জানিয়ে শি বলেন, ‘‘গত কয়েক দশক ধরে দুই দেশ একে অপরকে অনুধাবন করেছে, বিশ্বাস করেছে এবং সমর্থন জুগিয়েছে।’’
পাকিস্তান সেই বিশেষ দেশগুলোর মধ্যে অন্যতম যাদেরকে চীন ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি ‘সর্বকালীন কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে।
তবে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে চীনা নাগরিক ও বিভিন্ন প্রকল্পের ওপর জঙ্গিদের হামলা বেইজিংকে ক্ষুব্ধ করেছে। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের উষ্ণ সম্পর্ক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কিছুটা জটিল করে তুলেছে।
শি জিনপিং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে ও যেদিকেই পরিবর্তিত হোক না কেন, চীন সর্বদা তার প্রতিবেশী কূটনীতিতে বেইজিং-ইসলামাবাদ সম্পর্কের উন্নয়নে অগ্রাধিকার দেয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রতিভা বিকাশের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বেইজিং।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং যৌথ ভবিষ্যতের জন্য পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠ চীন-পাকিস্তান কমিউনিটি গড়ে তুলতে কাজ করতে ইচ্ছুক। উচ্চ-পর্যায়ের দ্বিপাক্ষিক সফর ও যোগাযোগ বজায় রাখা এবং কৌশলগত যোগাযোগ জোরদার করার ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button