আন্তর্জাতিক

হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণা : খামেনি

প্রবাহ রিপোর্ট ঃ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘অটল শিলাখ-ের’ মতো দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর এই দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণার বার্তায় পরিণত হয়েছে। খবর তাসনিম নিউজ এজেন্সির। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো আনুগত্যের চিঠির জবাবে খামেনি এ মন্তব্য করেন। ২৬ জুলাই প্রকাশিত এক চিঠিতে তিনি হিজবুল্লাহর সদস্যদের ধৈর্য, আত্মত্যাগ ও প্রতিরোধের প্রশংসা করেন। চিঠিতে খামেনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন জাতি যুক্তরাষ্ট্র ও ‘অপরাধী জায়নবাদীদের’ অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। এ পরিস্থিতিতে ‘জিহাদ ও প্রতিরোধ’ ছাড়া অন্য কোনো পথ নেই বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, এই পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জিত হবে। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ এখন ইসরাইলি আগ্রাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর অগ্রভাগে রয়েছে। সংগঠনটির এই অবস্থান বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে। খামেনি আরও বলেন, এই অর্জনের পেছনে লেবাননের জনগণের, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ধৈর্য, আত্মত্যাগ ও সমর্থনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান হিজবুল্লাহ ও অন্যান্য ‘নিপীড়িত কিন্তু শক্তিশালী প্রতিরোধযোদ্ধাদের’ সমর্থনকে নিজেদের কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, লেবাননের আঞ্চলিক অখ-তা রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের নিঃশর্ত অবসান যেকোনো যুদ্ধবিরতি বা সমঝোতার প্রধান শর্ত হওয়া উচিত। চিঠিতে তিনি হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহসহ নিহত নেতাদের স্মরণ করেন এবং তাদের অবদানকে ‘ইসলামি প্রতিরোধকে শক্তিশালী বৃক্ষে পরিণত করার’ কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন। শেষে তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা, শহীদ, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য দোয়া করেন এবং তাদের ওপর আল্লাহর রহমত ও অনুগ্রহ কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button