আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের : জাতিসংঘের নীরবতায় ক্ষোভ

প্রবাহ রিপোর্ট ঃ দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এসব হামলায় শিশুসহ ১১ জন নিহত হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘স্পষ্ট লঙ্ঘনের’ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অব্যাহত নিষ্ক্রিয়তায়’ ইরান দুঃখিত। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো জুনে ইসরায়েল ও লেবাননের মধ্যে লড়াই বন্ধে একটি কাঠামোগত চুক্তি হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলা। এসব হামলায় দক্ষিণ লেবাননের আনসার, আলী আল-তাহির হাইটস, নাবাতিয়েহ আল-ফাওকা ও দেইর আল-জাহরান এলাকায় বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান লেবাননের পাশে রয়েছে। দেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় লেবানন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে তেহরানের পূর্ণ সংহতি রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের মতো গুরুতর ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। এদিকে লেবাননে সাম্প্রতিক হামলার ঘটনায় নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত বন্ধের উদ্যোগের পরও হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্র: আল জাজিরা ও তাসনিম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button