চার ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

প্রবাহ রিপোর্ট ঃ নেপালের ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপ থেকে চার ঘণ্টার চেষ্টায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুনা মায়া বোহারা নামের ওই বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। বন্যায় গুনা মায়া যে পরিচর্যাকেন্দ্রে থাকতেন, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানেই আটকা পড়েছিলেন তিনি। তাকে উদ্ধারে প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত একটি এক্সকাভেটরের সহায়তায় তাকে নিরাপদে বের করে আনেন উদ্ধারকারীরা। খবর পেয়ে কাঠমান্ডু থেকে ঘটনাস্থলে ছুটে যান তার স্বজন দীপক বোহারা। বিবিসি নেপালিকে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে বের করে আনার সময় গুনা মায়াকে তার কাছে যুদ্ধজয়ী এক ‘যোদ্ধার’ মতো মনে হচ্ছিল। বুধবার নেপাল-তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে হিমবাহ ও পাথরের বড় অংশ ধসে পড়ার পর ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। পানি, বরফ, কাদা ও পাথরের প্রবল স্রোত বিভিন্ন জনপদ ভাসিয়ে নেয়। ধ্বংস হয় বাড়িঘর, সড়ক ও সেতু। বন্যায় নেপালে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। দুর্গম এলাকা, বিধ্বস্ত সড়ক এবং নতুন করে বন্যার আশঙ্কার মধ্যেই উদ্ধার অভিযান চলছে। এত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে ৯৭ বছর বয়সী গুনা মায়ার জীবিত উদ্ধার হওয়ার ঘটনা আশার একটি বিরল খবর হয়ে এসেছে।



