আন্তর্জাতিক

অনুতপ্ত না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর হামলা চলবে : ইরান

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ার মধ্যে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি বলেছেন, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র তাদের ‘অপরাধের জন্য অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া এক বক্তব্যে জোলফাগারি বলেন, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি এই সামরিক মুখপাত্র দাবি করেন, এসব হামলায় মার্কিন অবকাঠামো, স্থাপনা, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন কমান্ডার ও সেনা নিহত বা আহত হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ইরানের এই ক্ষয়ক্ষতি ও হতাহতের দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আল জাজিরার এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক মার্কিন কর্মকর্তা ইরানের বড় ধরনের মার্কিন হতাহতের দাবি প্রত্যাখ্যান করেছেন। জোলফাগারি বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে এসব আক্রমণাত্মক অভিযান চলতে থাকবে, যতক্ষণ না তারা তাদের অপরাধের জন্য অনুতপ্ত হয়।’ একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরানের জবাব আরও ‘ভারী, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হবে বলে সতর্ক করেন তিনি। এর আগে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনী জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচল ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হামলার পর এসব অভিযান চালানো হয়েছে। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও ইরাকের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। জোলফাগারি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকা-ে সহযোগিতা করবে, তাদেরও এর ‘বিপজ্জনক পরিণতি’ মেনে নিতে হবে। এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আঞ্চলিকভাবে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button