মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা

প্রবাহ রিপোর্ট ঃ মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় অঞ্চলটির ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলা, নিরাপত্তাঝুঁকি ও বিমান চলাচলে বিঘেœর আশঙ্কায় নাগরিকদের সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখতে বলা হয়েছে। এরই মধ্যে আঞ্চলিক পরিস্থিতির প্রভাবে সৌদি আরবের কয়েকটি গন্তব্যে ফ্লাইট চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। গত সোমবার ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে উত্তেজনা বাড়লে তা আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এতে আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল এবং আন্তর্জাতিক যাতায়াতে বড় ধরনের বিঘœ ঘটতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সংঘাত দ্রুত আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সম্ভাব্য জরুরি অবস্থার জন্য আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে হামলার আশঙ্কার বিষয়েও সতর্ক করা হয়েছে। সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল হিসেবে বর্ণনা করেছে। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এতে হতাহতের পাশাপাশি যাতায়াতেও বড় ধরনের বিঘœ ঘটেছে। এদিকে গত রোববার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। গত সোমবার কাতার এয়ারওয়েজ জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী এবং সেখান থেকে ছেড়ে আসা ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া জেদ্দায় দৈনিক ফ্লাইটের সংখ্যা সাতটি থেকে কমিয়ে চারটিতে নামানো হয়েছে। যাত্রীদের নির্ধারিত যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে উড়োজাহাজ সংস্থাটির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে। তথ্যসূত্র: ইউরোনিউজ।



