ইমরান খানের সমর্থকদের লংমার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

প্রবাহ রিপোর্ট ঃ ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে শুরু হওয়া তার সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেজবাজ শরিফ। মঙ্গলবার (৬ অক্টোবর) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) চলমান লং মার্চ স্থগিত করে সরকারের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের সমর্থকদের এ পদযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। শেহবাজ শরিফ বলেন, আমি প্রত্যাশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। লং মার্চ এবং অবস্থান ধর্মঘট শেষ করুন। এসব বন্ধ করলেই আমরা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে বসে আলোচনা করব। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গত রোববার থেকে লং মার্চ শুরু করেন তার সমর্থকরা। উত্তেজনা প্রশমনে সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এ কর্মসূচি শুরু করে পিটিআই। বিক্ষোভের কারণে দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন শেহবাজ। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা ‘রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার শামিল’। এ ধরনের কর্মকা- সরকার কোনোভাবেই হতে দেবে না বলেও জানান তিনি। শেহবাজ বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব এবং যেকোনো মূল্যে তা নিশ্চিত করা হবে। বিক্ষোভকারীরা যাতে ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন, সেজন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের কর্তৃপক্ষ। গত ২৭ সেপ্টেম্বর লং মার্চ শুরুর কথা থাকলেও পরে তা পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়। এএফপির এক সাংবাদিকের বরাতে জানা গেছে, সোমবার পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ইমরান খানের সমর্থনে হাজার হাজার মানুষকে রাজপথে বিক্ষোভ করতে দেখা গেছে। পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংসতার পর থেকে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানিসহ একাধিক মামলার মুখোমুখি হয়েছেন তিনি। তবে তার আইনজীবীরা এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। সূত্র: এএফপি।



