স্থানীয় সংবাদ

মোংলা বন্দর চ্যানেলের নেভিগেশন বয়া চুরি করে কেটে এনে পাচারের ঘটনায় তোলপাড়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা বন্দরে আবারও সক্রিয় হয়ে উঠেছেন শক্তিশালী চোরাচালালী ও চোরাই সিন্ডিকেট চক্র। এই চক্র বন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজ থেকে জ্বালানী তেলসহ মূল্যবান মালামাল চুরি করার পর এবার নেমেছেন বন্দরে জাহাজ চলাচল নির্ণয়কারী নেভিগেশন বয়া চুরির কাজে। সম্প্রতি বন্দর চ্যানেলের বঙ্গবন্ধু চর সংলগ্ন এলাকার একটি নেভিগেশন বয়া চুরি করে কেটে আনার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আবুল কালাম আজাদ ওরফে ডুবরি কালামের বিরুদ্ধে এই নেভিগেশন বয়া চুরির অভিযোগ উঠেছে। ডুবুরি কালামের ‘খানজাহান আলী’ নামের মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের প্রদত্ত ও তালিকাভুক্ত স্যালভেজ ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে।
ডুবরি কালামের নির্দেশ ও সহায়তায় ওই নেভিগেশন বয়া কেটে আনায় নিয়োজিত ডেইলি শ্রমিক মোঃ হারুন মোল্লা জানান, সপ্তাহখানেক আগে ডুবরি কালাম তাকেসহ তার লোকজনকে (লেবার) ২৫হাজার টাকার চুক্তিতে বন্দর চ্যানেলের বঙ্গবন্ধু চর এলাকায় পাঠায়। সেখান থেকে নেভিগেশন বয়া ও বয়া স্থাপনের লোহার মোটা চেইন কেটে আনা হয়। এ বয়ার চেইন ইতোমধ্যে বিক্রি করে ঢাকায় চালান করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে আবুল কালাম আজাদ ওরফে ডুবরি কালাম বলেন, আমি ওই এলাকায় ডুবন্ত রেক উত্তোলনে লোক পাঠিয়েছিলাম, কোন নেভিগেশন বয়া কাটার জন্য পাঠাইনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, নেভিগেশন বয়া মুলত একটি চ্যানেলের বাম পাশে স্থাপন করা হয়। কারণ এ বয়া জাহাজ চলাচলের ঝুঁকিমুক্ত নির্ধারিত রুট ও বিপদের অবস্থান চিহ্নিত করে থাকে। আর এ বয়া দেখেই মুলত বিদেশী জাহাজ নিরাপদে বন্দরে আগমন-নির্গমন করে থাকে। যদি এই বয়া না থাকে তাহলে জাহাজ চলাচলে মারাতœক ঝুঁকি থাকে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, মোংলা বন্দর চ্যানেলের বঙ্গোপসাগরে ১০নম্বর বয়া মিসিং আছে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, লোকমুখে বন্দর চ্যানেলের বয়া চুরির ঘটনা শুনেছি, তবে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button