নগরীতে ব্যাটারি চালিত রিক্সা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে ব্যাটারি চালিত রিক্সা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। রবিবার সকালে কেসিসির সম্পত্তি শাখা নগরীর খানজাহান আলী রোড ও সাত রাস্তার মোড়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় তারা ২০টির মত অবৈধ স্থাপনা অপসারণ করেন বলে জানান উচ্ছেদ অভিযানে অংশ নেয়া কেসিসির এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার। এদিকে কেসিসির লাইসেন্স (যান) শাখার উদ্যোগে রবিবার সকালে নগরীর দৌলতপুর ও খালিশপুরে ব্যাটারি চালিত রিক্সা আটক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯টি ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়। তবে অভিযানের সময় ব্যাটারি চালিত রিক্সা অভিযানের টিম সদস্য আঃ কুদ্দুসকে নিয়ে অন্য পথে চলে যায় রিক্সা চালক। পরে রিক্সাটি দুর্ঘটনায় কবলিত হলে রিক্সা চালক রিক্সা ফেলে পালিয়ে যায়। কেসিসি ওই রিক্সা জব্দ করে। তবে রিক্সাটি দুর্ঘটনায় অনেক ক্ষতি হয়েছে বলে জানান লাইসেন্স অফিসার (যান) রবিউল আলম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



