খুলনায় তিব্র তাপদাহে হিট-স্ট্রোকে মরছে মুরগী

# চরম লোকশানে ফার্ম মালিকেরা # গরমে মারা যাচ্ছে ব্রয়লার, ডিম পাড়া কমিয়েছে লেয়ার, দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে ডিম মাংসের বাজারে #
শেখ ফেরদৌস রহমান ঃ অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক করে প্রতিদিনই মারা যাচ্ছে মাংসের চাহিদা পূরণে বড় ভূমিকা পালন করা ব্রয়লার মুরগি। আবার অত্যধিক তাপমাত্রায় ডিমের উৎপাদনও কমেছে প্রায় ১০ শতাংশ। এ অবস্থায় সাম্প্রতিক সময়ে খুচরা বাজারে ডিম এবং আগামী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস ব্রয়লার মুরগির সংকটের আশঙ্কা করছেন খামারিরা। অন্যদিকে, হঠাৎ অধিকসংখ্যক মুরগি মারা যাওয়ায় এবং ডিমের উৎপাদন কমে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে খামারিদের। বর্তমান অবস্থায় পরিচর্যার ব্যয়ও বেড়েছে দ্বিগুণ। এমন পরিস্থিতি দীর্ঘসময় চললে ছোট খামারিদের ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলছেন সংশ্লিষ্টরা। তাই ঘুরে দাঁড়াতে খামারিদের সরকারের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। তাপদাহের এই ধারাবাহিকতা চলতে থাকলে কমতে পারে ডিমের উৎপাদন ও মুরগীর বাচ্চার উৎপাদন। খামারিরা বলছে পোল্ট্রি মুরগীর জন্য সাধারণত ২৬ থেকে ২৮ ডিগ্রি পর্যন্ত সহনশীল তাপমাত্র অথচ সেখানে ৪০ ডিগ্রী নিচে নামছেনা তাপমাত্রা। এতে করে হিট স্ট্রোকে মরছে মুরগী। এমনকি লেয়ার মুরগী খাবার খাওয়া কমছে ঠিক মত খাবার খাচ্ছেনা এতে করে ডিম দিচ্ছেনা প্রতিনিয়ত। এছাড়া ভয়ে অনেক খামারিরা শেডে মুরগী তুলতে ভয় পাচ্ছে। এছাড়াও দেখা যায় বাজারে কমেছে পোল্ট্রি মুরগীর দাম। হাক-ডাক ছেড়ে এখন প্রতি কেজি পোল্ট্রি মুরগী বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। যার দাম ছিল ২২০ টাকা। মূলতঃ খামারিরা তিব্র গরমে হিট স্ট্রোকে মুরগী মরে যাওয়ার ভয়ে গ্রোথ হওয়ার আগে বিক্রি করে দিচ্ছে। এ প্রসঙ্গে খুলনা পোল্ট্রি ফিশ ফিড মালিক সমিতির মহাসচিব এস,এম সোহরাব হোসেন বলেন, দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বিভাগে। প্রচন্ড গরমে খুলনায় একের পর এক খামারের ব্রয়লার মুরগী মারা যাচ্ছে। ইতিমধ্যে খুলনায় মুরগীর সংকট শুরু হয়ে গেছে। অন্যান্য মুরগির ডিম উৎপাদন ও কমে গেছে। দ্রুত সরকার এ খাতে প্রণোদনা না দিলে শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে। এই শিল্পর সাথে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ জড়িত। যারা গরু, খাসির মাংস বা মাছ কিনতে পারে না তারা অন্ততঃ একটি ব্রয়লার মুরগী কেনেন। খাবেন কি এই ছাড়া? এ বিষয়ে কথা হয় ফুলতলা তালুকদার পোল্ট্রি ফিডের পরিচালক মোঃ শামছুর এর সাথে তিনি বলেন, ভাই এই গরমে প্রতিদিন মরছে মুরগী। প্রতিটি শেডের থেকে ৫০টি থেকে ৬০টির মত মুরগী মারা যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫ হাজার মত মুরগী মারা গেছে। আমরা হিট স্ট্রোক রোধে ফ্যানের বাতাস ও চারপাশে বালি দিয়ে উচু করে ঠান্ডা পানির স্প্রে করছি। এছাড়া হিটস্ট্রোক রোধে নিয়মিত ওষুধসহ একজন কে সার্বক্ষনিক নজরদারির জন্য রাখা সহ নানা কার্যক্রম করছে তবে। এতে করে খুব একটা বেশি কাজ হচ্ছেনা। এভাবে যদি তিব্র দাবদাহ চলতে থাকে তাহলে এ অঞ্চলের পোল্ট্রি শিল্প অবশ্যই হুমকির মুখে পড়বে। গতকাল ও আমাদের ১ হাজার মুরগীর ধারণ ক্ষমতার যে শেড আছে সেখানে ৭০ টি মুরগী মারা গেছে। একদিকে মুরগী মারা যাচ্ছে এতে আমরা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তারপরও বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে এসব মুরগী সব মিলিয়ে লোকাশানে আছি যে কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে মুরগী। আমার মত আরও অনেকে ব্যাবসায়িরা চরম লোকশানে গুণছে অতিরিক্ত গরমের কারণে। এ বিষয়ে কথা হয় খুলনা চিত্রালি বাজারে খুচরা মুরগী ব্যবসায়ি মোঃ আলমের সাথে তিনি বলেন, আমরা বাজারের খুচরা বিক্রেতা একটি খাচায় মুরগী থাকে ২০ থেকে ৩০টির মত। তবে এই তিব্র গরমে গেল সপ্তাহে আমার ৬টি ব্রয়লার মুরগী গরমে হিট-স্ট্রোকে মারা গেছে। এছাড়া তার আগের সপ্তাহে ৪টি মারা গেছে। প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে ব্রয়লার মুরগীর শরির ভিজিয়ে রাখা হয় তারপর ও এই গরমে মারা যাচ্ছে। বাজারে নেই কোন বেচা কেনা। তবে গতকাল একটু বিক্রি হয়েছে। এ বিষয়ে কথা হয় দৌলতপুর বাজার ক্রেতা আছাদুল্লাহ’র সাথে তিনি বলেন, বাজারে মুরগীর দাম কম। তারপরও এই গরমে মসলা বা ভোজের তরকারী খেতে ভয় লাগছে। যে গরম এতে যেকোন সময়ে পেটে সমস্যা তৈরি হতে পারে। এই ভয়ে এখন আর বাজারে কম দামে মুরগী বিক্রি হলেও তিব্র গরমে খেতে ভয় হয়। গরমে সবজি তরকারী খাওয়া শরিরের জন্য ভাল ।



