রবীন্দ্রনাথের চিন্তা চেতনা কালে কালে আমাদের সাহস যুগিয়ে এসেছে

ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি
গৌর হরিদাস, ফুলতলা (খুলনা) থেকে ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি বলেছেন, রবীন্দ্রনাথ সর্বযুগের সর্বকালের। কালে কালে তার চিন্তা, চেতনা, আমাদের সাহস যুগিয়ে এসেছে। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাংলা ভাষাকে বিশ্বের দরবারে এনে দিয়েছে সম্মান আর স্বীকৃতি। তিনি আমাদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এমনকি আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সাথে বিজড়িত হয়ে আছেন। রবীন্দ্রনাথ ভালোবেসেছেন এদেশের কৃষি, প্রকৃতি, মাটি ও মানুষ। তিনি আরও বলেন, কবির সহধর্মিনী মৃনালিনী দেবীর স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি তথা ফুলতলার মানুষ আজ ধন্য ও গর্বিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে “সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতাঃ রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু” বিষয়ের উপর আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



