খুলনায় আধুনিক পদ্ধতিতে গলদা বাগদা সাদা মাছ চাষ : কর্মসংস্থানে খুশি এলাকাবাসি

মোঃ বেনজীর হোসেন, রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামে আধুনিক পদ্ধতিতে হোয়াইট গোল্ড খ্যাত গলদা, বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষের মাধ্যমে এলাকার কর্মসংস্থান তৈরি, গণমানুষের আমিষের চাহিদা পূরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তানভির ফিশারিজ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২০১২-১৩ সাল থেকে মৎস চাষের সফলতার ধারা অব্যাহত রেখেছে তানভির ফিশারিজ। এটি মুলত আলফাতাহ গ্রুপে একটি প্রকল্প। সরজমিন ঘুরে দেখা যায়, তানিভির ফিশারিজের একটি ঘেরে কয়েকটি পুকর কেটে এক এক পুকুরে একেক রকম মাছ চাষ করা হচ্ছে। গলদা, বাগদা চিংড়ির পাশাপাশি রুই, কাতলা, মৃগাল, গ্লাস কাপসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ রয়েছে। জেলেদের সাহায্যে মাছ ধরার পর বিভিন্ন সাইজের মাছ দেখা যায়। এক পুকুরে ভেটকি মাছেরও চাষ করা হচ্ছে। পুকুরের বেড়ির উপরে রয়েছে বেগুন, লাউ, কলা, পুইশাকসহ মৌসুমি সবজি চাষ। ঘেরের চারপাশে পানি রোধক বেড়ি, পানি নিষ্কাশনের পাইপ ও ঘেরা-বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ঘেরের দুই প্রান্তে পাহারা দেওয়ার জন্য গোলপাতা ও কাঠের বেড়ার ছোট্ট দু’টি ঘর রয়েছে। ঘরের মধ্যে মাছের খাবারসহ প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। উক্ত ঘের পরিদর্শন শেষে নারয়ণখালী নদী ও ওয়াবদা বেড়িবাঁধ সংলগ্ন আরও কয়েকটি তানভির ফিশারিজের সাইনবোর্ড সম্বলিত ঘের দেখা গেছে। তানভির ফিশারিজের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, মাছ চাষের জন্য খুব উপযোগি খুলনা অঞ্চল। বর্তমানে তানভির ফিশারিজের ছোট-বড় মিলে অনেকগুলো ঘেরে মাছ চাষ করা হয়। প্রতিটি ঘেরেই আধুনিক পদ্ধতিতে চিংড়ির পাশাপাশি সাদা মাছের চাষ করা হয়ে থাকে। উপজেলা মৎস কর্মকর্তার পরামর্শ মোতাবেক রেণু ছাড়া, মাছের খাবার ও পরিচর্যা করা হয়। প্রায় সময় মৎস বিশেষজ্ঞগণ সরাসরি ঘেরে এসে মাছের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং মাছ চাষ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। তানভির ফিশারিজের বর্তমানে স্থায়ী ২০জন কর্মকর্তা রয়েছে। আর অস্থায়ী ভিত্তিতে প্রায় ৩০-৩৫ জন কর্মচারি কাজ করে থাকে। তিনি আরও বলেন, তানভির ফিশারিজ সব সময় নিয়ম মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করে থাকে, ফলে কাঙ্খিত মাছ উৎপাদন সম্ভব হচ্ছে। এলাকাবাসীরা বলেন, তানভির ফিশারিজের মাধ্যমে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। কাজ করার ফলে ভাগ্য বদল হয়েছে জীবনমানের। বেকারত্ব দূর হয়েছে অনেকের। নিজ এলাকায় কাজ করার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছে এলাকাবাসী। নাম প্রকাশে অনইচ্ছুক একজন কেয়ারটেকার বলেন, তানভির ফিশারিজ আমার জীবনের জন্য আর্শিবাদ হয়ে এসেছে। ছেলে-মেয়ে নিয়ে বড় বিপদে পড়ে ছিলাম, তানভির ফিশারিজের ঘের দেখা-শোনার দায়িত্ব পেয়ে এখন সুন্দরভাবে চলতে পারছি। খোঁজ নিয়ে জানা যায়, তানভির ফিশারিজের মালিক মোহাম্মদ আবু সাঈদের আল ফাতাহ পাবলিকেশন্স, চ্যান্সেলর পাবলিকেশন্স, জিনিক্স ইনকরপোরেশ, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ এবং তানভির পোল্ট্রির ব্যবসা রয়েছে। পাবলিকেশন্স ব্যবসার সাথে এই অঞ্চলে ২০১২-১৩ সালে মৎস্য চাষ শুরু করে। অন্যন্য ব্যবসার মতো এখানেরও সফলতা ধরে রাখতে তিনি সক্ষম হয়েছে।



