খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার ঃ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক নগরীর পথের বাজার ও ফুলতলা থানার বাসস্টান্ড এলাকায় তদারকিমূলক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫মে অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডাব, তরমুজ, বিদেশি ফল, ডিম, ডায়াগনস্টিক, হসপিটাল, ইটের ভাটা ও ফ্যানের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। খানজাহান আলী থানার পথের বাজার এলাকার কে.বি.আই. ব্রিকস-কে মুল্য তালিকা প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথ বিক্রয় না করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ফুলতলা থানার বাসস্টান্ড এলাকার নিউ ফুলতলা প্যাথলজি সেন্টার -কে প্রতিশ্রুত সেবা বিক্রয় না করা এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব সদস্য জেড এন সুমন ও আনসার সদস্যবৃন্দ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

