স্থানীয় সংবাদ
শান্তিনগরে বহুতল ভবনে আগুন

প্রবাহ রিপোর্ট : রাজধানীর শান্তিনগরে একটি ১২ তলা বিশিষ্ট আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। গতকাল শুক্রবার দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ১টা ৫৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।



