স্থানীয় সংবাদ

রেমালের তান্ডবে খুলনায় ৫৫ স্থানে বাঁধে ভাঙন

নিহত ১০, লবণাক্ত পানিতে প্লাবিত লোকালয়, ব্যাপক ক্ষয়-ক্ষতি, বাগেরহাট-খুলনার ৬ উপজেলায় নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ ঘূর্ণিঝড় রেমালের তা-বে খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রার ৫৫ স্থানে বাঁধে ভাঙন ধরেছে। নিহত হয়েছেন দুই নারীসহ মোট ১০জন। এর মধ্যে খুলনায় একজন, সাতক্ষীরায় একজন, বরিশালে তিনজন, পটুয়াখালীতে একজন, ভোলায় তিনজন ও চট্টগ্রামে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে বহু এলাকা। ভেঙে গেছে ঘরবাড়ি। ভেসে গেছে মাছের ঘের। নির্ঘম আর আতংকে রাত কেটেছে উপকূলবাসীর। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তা-বে নির্বাচন কমিশনার খুলনা-বাগেরহাট জেলার ৬টি উপজেলার আগামীকালের নির্বাচন স্থগিত করেছে। জানা গেছে, দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী ফকিরকোনা, ঝুলন্তপাড়া এবং প-িতচন্দ্র স্কুল সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার, কামিনীবাসিয়ায় বাঁধ ভাঙছে। পাইকগাছা উপজেলার লস্কর গ্রাম, বাইনতলা ওয়াপদা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে পাইকগাছা উপজেলার বিভিন্ন পোল্ডারে পাউবোর বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রামে লবণাক্ত পানি ঢুকছে। চিংড়ি ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। গড়ইখালীর কুমখালীর ক্ষুদখালী, লস্করের বাইনতলা, লতা, দেলুটি, হরিঢালী, লস্কর রাড়ুলী, কপিলমুনি, সোলাদানার কয়েকটি পয়েন্টে বাঁধ উপচে লোকালয়ে লবণাক্ত পানি ঢুকছে। সোমবার সকালে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছেন। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসাইন খান বলেন, ‘ঝড়ে দাকোপের সাড়ে ১০ হাজার ঘর বিধ্বস্ত হয়েছে। ১৬ হাজার ৯০৫টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পানখালী, তিলডাঙ্গা। সুতারখালী এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা জেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘দাকোপ উপজেলার তিলডাঙ্গা, বটবুনিয়া, কামিনিবাসিয়া, তেতুলতলা, পানখালী, লক্ষ্মীখোলা, গোনা মোল্লাপাড়া, কালিবাড়ি এলাকায় ভাঙন ধরেছে।’ কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তরিক উজ জামান বলেন, ‘কয়রায় এখনও দুর্যোগপূর্ণ পরিবেশ রয়েছে। বাইরে বের হওয়ার মতো পরিস্থিতি নেই। ঝড়-বৃষ্টি চলছে। দশহালিয়া, নয়ানি এলাকায় ভাঙনের খবর পাওয়া গেছে। এ ছাড়া বাঁধ উপচে পানি প্রবেশ বন্ধে তাৎক্ষণিক মেরামত কাজ করা হয়েছে।’ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে পাইকগাছা উপজেলার ৫৬টি ভোটকেন্দ্র আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রগুলোর মধ্যে ২৪টি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রগুলোর মধ্যে ৩২টি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাইকগাছা উপজেলায় ওয়াপদা বাঁধের সোলাদানা ইউনিয়নে ৪টি, লাম্বর ইউনিয়নে ২টি, দেলুটি ইউনিয়নে ৮টি, গড়ইখালী ইয়ানিয়নে ২টি, রাছুলী ইউনিয়নে ১টি, হরিঢালী ইউনিয়নে ১টি, কপিলমুনি ইউনিয়নে ১টি, গদাইপুর ইউনিয়নে ১টি ও পাইকগাছা পৌরসভায় ১টিসহ মোট ২১টি পয়েন্টে বাঁধ ভেঙেছে। ‘প্লাবিত এলাকার মধ্যে রয়েছে সোলাদানা ইউনিয়ন, দেলুটি ইউনিয়ন, রাফুলী ইউনিয়ন, লতা ইউনিয়ন, লস্কর ইউনিয়ন, গড়ইখালী ইউনিয়ন। মানুষ পানিবন্দি রয়েছে সোলাদানা ইউনিয়ন, দেলুটি ইউনিয়ন, রাফুলী ইউনিয়ন, লতা ইউনিয়ন, লঞ্চর ইউনিয়ন, গড়ইখালী ইউনিয়নসহ মোট ৬টি ইউনিয়নে। পাইকগাছা উপজেলা পরিষদ থেকে ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সোলাদানা ইউনিয়ন ১১টি পয়েন্ট, দেলুটি ইউনিয়ন, গড়ইখালী ইউনিয়ন ৯টি, কপিলমুনি ইউনিয়ন ২টি, লতা ইউনিয়ন ৩টি, হরিঢালী ইউনিয়নে ১টি পয়েন্টেসহ মোট ৬টি ইউনিয়নর ৩২টি পয়েন্টে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও জানান, ঝড়-বাতাস এবং ভারি বৃষ্টিপাত হচ্ছে। উপজেলায় সম্পূর্ণভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। যাতায়াতের রাস্তায় একাধিক স্থানে গাছপালা ভেঙে পড়েছে এবং অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। উপড়ে পড়েছে বহু গাছ, বিধ্বস্ত হয়েছে কাঁচা-পাকা ঘরবাড়ি। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। রোববার দিবাগত রাতে জোয়ারের চাপেমহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরকোণা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল গাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। এছাড়া বাঁধের নিচু কয়েকটি জায়গা ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এসব জায়গায় এলাকার মানুষ রাতভর মেরামত কাজ চালিয়েও শেষ রক্ষা করতে পারেনি। দাকোপ উপজেলার শিবসা ও ঢাকী নদীর বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে যায়। উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী ফকিরকোনা, ঝুলন্তপাড়া এবং প-িতচন্দ্র স্কুল সংলগ্ন এলাকা সম্পূর্ণ প্লাবিত। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়রা উপজেলার মদিনাবাদ এলাকার এমদাদুল হক বলেন, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। পাইকগাছার শান্তা এলাকার শাফায়েত হোসেন বলেন, ঝড়ের তীব্রতা অনেক বেশি। পূর্ব পশ্চিম ঝড় হচ্ছে। বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ। নদীর ওপারের ঢেউ এসে আছড়ে পড়ছে। জোয়ারের পানি ভাটায় তেমন কমেনি। তার ওপর আবার জোয়ার হয়েছে। যার কারণে পানির চাপ বেশি। প্রচন্ড দমকা বাতাসে নদীগুলো উত্তাল, ভেঙে পড়ছে কাঁচা ঘরবাড়ি। সরকারি হিসেবেই ৭৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় (ডিএফও) বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে তান্ডবে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তা নিরূপণ না করে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এদিকে ঘূর্ণিঝড়ে আতঙ্ক হয়ে সাইক্লোন সেন্টারে নদীর তীরবর্তী ও বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ আশ্রয়ণ কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমাল খুলনাসহ উপকূল অতিক্রম করছে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য খুলনার ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুপুরে প্রবল জোয়ারে কয়েক এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে প্রায় এক লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। উল্লেখ্য, সোমবার সকাল ৮টায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৮) বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে খুলনার কয়রার নিকট অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাত ঝড়িয়ে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান। ইসি সচিব বলেন, মূলত আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যেই রবিবার সন্ধ্যায় থেকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে। যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ৯ নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ, বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও কোথাও গাছ উপড়ে গেছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া উপজেলার নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button