বাগেরহাটে মোটরসাইকেল চোর চক্রের কথিত ৬ সদস্য গ্রেফতার : ৩টি মোটরসাইকেল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৬ জন সদস্য গ্রেফতার হয়েছে। কতিথ চোর চক্রের সদস্যদের কাছ থেকে এ সময় বিভিন্ন মডেলের ৩টি মোটরসাইকেল, কার্টার মেশিন, গ্র্যান্ডিং মেশিন, মোটরসাইকেলের চাবি, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, রং স্প্রের কৌটা ও নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘন্টার এ অভিযানে গ্রেফতারকৃতরা হলো-জেলার চিতলমারী উপজেলার আড়ুয়া বর্নী এলাকার নাসির মল্লিকের ছেলে রুবেল মল্লিক (৩৫), একই উপজেলার বারাশিয়া এলাকার বাদশা ধুনির ছেলে মো. জামাল ধুনী (২৬), আফজাল হোসেনের ছেলে শেখ ওসিবুর রহমান (৩৯), চরবানিয়ারি এলাকার মৃত চেহার উদ্দিন তরফদারের ছেলে ওহাব আলী তরফদার (৪০), পাশর্^বর্ত্তি গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার মৃত নিজাম মোল্লার ছেলে আরিফুল মোল্লা (২৭) ও গোবরা সোনাকুড় এলাকার নওয়াব আলী শেখের ছেলে শান্ত শেখ (২১)। গেল দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ রাসেলুর রহমান শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট থেকে মটরসাইকেল চুরি হওয়ায় সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় দুইটি চুরি মামলা রেকর্ড হয়েছে। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



