পাইকগাছায় বাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ : নিহত ৩

স্টাফ রিপোর্টারঃ খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার ইসমাইল গাজী (৬০), মটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ। বুধবার সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়দাল থেকে ছেড়ে আসা ইঞ্জিনচালিত অটোভ্যান এবং পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া নাম্বারবিহীন মোটরসাইকেল উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী গ্রামের পাইকগাছা-কয়রা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। আহত তৃষারের মা জানান, সকালে তার মেয়েসহ তার আরও দু’সহপাঠী শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষণ নিতে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্যরা অক্ষত রয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক, মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



