বাস্তহারা এলাকায় ৩ রাজনৈতিক দলের কার্যালয়সহ ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেসিসির উদ্যোগে
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার নগরীর বাস্তহারা এলাকায় অবৈভাবে গড়ে ওঠা বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের কার্যালয়সহ প্রায় ৮০টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা একটি ওয়ার্কশপ মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেয়া কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাহ উদ্দীন। তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। টিমটি বাস্তহারা এলাকায় বিভিন্ন সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এরমধ্যে অন্যতম হলো ৯নং ওয়ার্ড বিএনপির বাস্তহারা ইউনিট অফিস, আ’লীগ বাস্তহারা ইউনিট অফিস ও জাপা বাস্তহারা ইউনিট অফিস উল্লেখ্যযোগ্যে। এছাড়াও বড় বড় ভবন উচ্ছেদ করা হয়। গত কয়েক বছরের মধ্যে ওই এলাকায় এত বড় উচ্ছেদ অভিযান হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ কঠিন কাজটি দীর্ঘ কয়েক বছর পর কেসিসি করতে পারায় এলাকা সাধারণ জনগণ কেসিসিকে ধন্যবাদ জানিয়েছে। কেসিসির একটি সূত্র জানায়, এ অভিযান বন্ধ করার জন্য রাজনৈতিক চাপ ছিল। কেসিসি রাজনৈতিক চাপ উপেক্ষা করেই এ অভিযান সফলভাবে পরিচালনা করে। যার ধারাবাহিকতা থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। এছাড়া টিমটি নগরীর শান্তিধাম মোড়ে পার্কের পাশে অস্থায়ীভাবে গড়ে তোলা স্থাপনা অপসারণ করে। এস্টেট অফিসার আরো জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তার উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত হয়। এসব অবৈধ স্থাপনায় কিভাবে বিদ্যুৎ সংযোগ পেয়েছে-ওজোপাডিকোর কাছে তার জিজ্ঞাসা।



