দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে, নির্বাচিত সরকার ছাড়া এর থেকে উত্তরনের সুযোগ নাই

# বাগেরহাটে বিএনপি ভাইস চেয়ারম্যান বুলুু #
বাগেরহাট প্রতিনিধি ঃ
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। বর্তমান দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এখন বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুজে বের করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা যে অপরাধ করেছে হাজার বার ফাঁসি দিলেও তার বিচার যথেষ্ট হবে না। শেখ হাসিনা গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে তার বিচার এই বাংলায় করতে হবে। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি চরম আকারে বৃদ্ধি পেয়েছে। রবিবার বিকালে বাগেরহাটের খানজাহান (রহঃ) মাজার সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে জেলা বিএনপি আয়াজিত এ সভায় প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু আরো বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোন তালবাহানা বিএনপি মেনে নেবে না। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, শেখ কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, এমএ সালাম, খাদেম নিয়ামিুল নাসের আলাপ, ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, অ্যাডঃ ফারহানা জাহান নিপা প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো ও সরদার ওলিউর রহমান পল্টু।



