খুলনার বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

# চলতি বছরে গত ফেব্রয়ারী মাসে ২৪৫ প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ লক্ষ টাকা জরিমানা #
# নির্ধারিত দামের বাড়তি নিলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী #
স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি আধা বিচারিক সরকারি সংস্থা যা পণ্য ও পরিষেবার উপর ভোক্তাদের অভিযোগ গ্রহন ও নিষ্পত্তি এবং ভোক্তাদের অধিকার সংরক্ষন করার অভিলক্ষ্যে কাজ করে থাকে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০৯ সালের আইন বলে প্রতিষ্ঠিত হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯- এ বলা হয়েছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের অন্যতম কাজ হবে, দেশের সব শ্রেনী-পেশার ভোক্তাকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় নিয়মিত এবং পবিত্র মাহে রমজানকে ঘিরে বাজার নিয়ন্ত্রন ও তদারকিতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই বাছাই করাসহ সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রিরর নির্দেশনা প্রদান করা হচ্ছে। ওই নির্দেশনা উপেক্ষা করে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের বাইরে অধিক মূল্য পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারী দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় হতে গেল ফেব্রুয়ারী মাসে ১৩৭টি অভিযানের মাধ্যমে ২৪৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লাখ ৫৬ হাজার ৩’ টাকা জরিমানা করা হয়েছে। যার মধ্যে খুলনা বিভাগীয় কার্যালয় ১৯ টি অভিযানে ২৮ টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৫০ হাজার ৮’শ টাকা, মাগুরা ১৮ টি অভিযানে ৩৩ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৯০ হাজার টাকা, খুলনা ১৪ টি অভিযানে ৩১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৩ হাজার ৫’শ টাকা, নড়াইল ৮ টি অভিযানে ১৯ টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার ৫’শ টাকা, সাতক্ষীরা ১০ টি অভিযানে ২৩ টি প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা, কুষ্টিয়া ২০ টি অভিযানে ৩৪ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫৭ হাজার ৫’শ টাকা, ঝিনাইদহ ৬ টি অভিযানের ১৩ টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার টাকা, যশোর ১৪ টি অভিযানে ২০ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ২৭ হাজার টাকা, বাগেরহাট ১৩ টি অভিযানের ২১ টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার ৫’শ টাকা, চুয়াডাঙ্গা ৯ টি অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫৪ হাজার টাকা ও মেহেরপুর ৬ টি অভিযানে ১১ টি প্রতিষ্ঠানকে ৬৯ হাজার ৫’শ টাকা ৪ লক্ষ ৫০ হাজার জরিমানা আরোপসহ আদায় করা হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় হতে ১০টি সচেতনতামূলক সভাও করেছেন সংশ্লিষ্টরা। আকতার নামের এক সবজি বিক্রেতা জানান, বর্তমানে বাজারে লেবু, শষা দাম একটু বাড়তি । পাইকারি বাজার থেকে সবজি কিনে খুচরা বিক্রি করি। পাইকারি বাজার থেকে সবজি কিনলে রশিদ দিতে চাই না। আমি কোথা থেকে রশিদ পাবো। এদিকে ম্যাজিস্ট্রেট এসে রশিদ চাই, না পাইলে জরিমানা করো করে। আমরা অতি সাধারন ব্যবসায়ী কোন দিকে যাবো। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেস্টুরেন্ট ব্যবসায়ী জানান, বিভিন্ন সময়ে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে যে জরিমানা করে তাতে কোনো আপাত্তি নেই। তবে আমরা যারা ব্যবসা করি কোন খাবার কিভাবে সংরক্ষন করবো, কিভাবে খাবার ভালো থাকবে বিবিধ বিষয়ে প্রশিক্ষনের ব্যবস্থা করলে এক দিকে আমরা যেমন উপকৃত হবে, অন্যদিকে ওই প্রশিক্ষন সঠিক নিয়মে আমাদের ব্যবস্থা পরিচালনা করতে সহায়ক হবে। ওষুধ বিক্রেতা শাহরিয়ার কবির সোহেল জানান, আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে চাই। ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সবার আগে নিজেকে সচেতন করতে হবে। কোন ওষুধের মেয়াদ আছে, বা মেয়াদ নেই সেদিকে নিজের খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এসে জরিমানা করতেই পারে। তবে প্রাথমিক ভাবে একবার সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ে সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় নিয়মিত বাজার তদারকিসহ মাহে রমজানে খুলনার বাজার নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে। সেই ধারাবাহিকতায় গত, ফেব্রুয়ারী মাসে অত্র দপ্তর হতে ভোক্তাদেরার অধিকার লঙ্ঘনে খুলনা ১৪ টি অভিযানে ৩১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৩ হাজার ৫’শ টাকা জরিমান আরোপসহ আদায় করা হয়েছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা। ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ পবিত্র মাহে রমজানে খুলনার বাজার নিয়ন্ত্রন রাখতে নিয়মিত বাজার তদারকি ও নিয়মিত অভিযান অব্যহত রেখেছে। ওই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের আওতাধীন ১০ জেলা কার্যালয় হতে গেল ফেব্রুয়ারী মাসে ১৩৭টি অভিযানের মাধ্যমে ২৪৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লাখ ৫৬ হাজার ৩’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিশেষ করে সরকার নির্ধারিত মূল্য পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার যাচাই বাছাই করাসহ বিবিধ বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হচ্ছে। ওই নির্দেশনা উপেক্ষা করে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের বাইরে অধিক মূল্য পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন এ কর্মকর্তা। এদিকে, শনিবার (৮ মার্চ) কুষ্টিয়া জেলা কার্যালয়, মাগুরা জেলা কার্যালয়, যশোর জেলা কার্যালয় ও নড়াইল কার্যালয় ৪ টি তদারকি টিমের অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্টদের চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।



