দিগরাজের গোনা ব্রীজ এলাকায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও ঘের দখলের অভিযোগ

সন্ত্রাসীদের হামলায় আহত ৫
স্টাফ রিপোর্টার : মোংলার দিগরাজ গোনা ব্রীজ এলাকায় ঘের দখল ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ৫ জন। শনিবারের এ ঘটনায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোংলার দিগরাজের গোনার ব্রীজ বিদ্দের বাহন মৌজার মদিনা এসোসিয়েটে’র চেয়ারম্যান আব্দুল মমিন (৪০) এর কাছে শনিবার (৮ মার্চ) বেলা আনুমানিক ১২ টায় ওই এলাকার একদল সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবি করে। এমনকি চাঁদা না দিলে ঘের দখলের হুমকি দেয়। ওই সময় ভুক্তভোগী মমিন দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে মুহুর্তের মধ্যে বিদ্দের বাহন এলাকার ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে মমিনের জমিতে এসে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মমিন এবং তার ব্যবসায়িক অংশীদার আব্দুর রাজ্জাক (৩৮), বেল্লাল হোসেন (৪৩), মো. মুরাদ হোসেন (৫৫) ও মিরাজ (৩০) কে এলোপাথাড়িভাবে পিটিয়ে মাথায় ও সর্বশরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী আহত আব্দুল মমিন বলেন, বিদ্দের বাহন এলাকার সন্ত্রাসী ওলি, বদি, বারেক, নুরু, মোজাম, সোহাগ, ইব্রাহিম সহ ৫০-৬০ জনের একটি দল আমার কাছে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ঘেরের মাছ মেরে নেবে বলে হুমকি দেয়। তাতে আমি রাজি না হওয়ায় আমাকে এবং আমার ব্যবসায়িক পার্টনারদেরও তারা মাথায় ও সর্বশরীরে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি এঘটনার সঠিক বিচার দাবি করছি। প্রতিপক্ষদের সাথে বিষয়টি জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন। এঘটনায় মামলা হলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।



