খুমেক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতিতে : দাবি পূরণের আশ্বাসে স্থগিত

স্টাফ রিপোর্টার :
দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। এর আগে বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন। এই সময়ের মধ্যে খুমেক হাসপাতালে বহি: বিভাগের রোগীদের সেবা বন্ধ ছিলো। ১২টার পর থেকে পুনরায় রোগীদের সেবা প্রদান করা হয়।
কর্মবিরতি বিষয়টি নিশ্চিত করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আবু জাফর মো: ছালেহ (পলাশ) শনিবার সন্ধ্যায় জানান, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছি। পরবর্তীতে সরকারের তরফ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে আমাদের কর্মবিরতি আপাতত স্থগিত করেছি। আমাদের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবো।
বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবিগুলো হল, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা। #



