ইতালি পাঠানোর নামে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

# স্বামী-স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা #
যশোর ব্যুরো ঃ ইটালিতে পাঠানোর নামে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে স্বামী-স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে।
রোববার যশোর শহরতলীর খোলাডাঙ্গার সাদেকুর রহমানের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, কিশোরগঞ্জ জেলার পুকুরিয়ার মজিতপুর গ্রামের জাহাঙ্গীল আলম ও তার স্ত্রী রফিকুন্নেছা,কুমিল্লা তিতাসের নয়াকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে নুর আলম শিপন ও শরিয়তপুর ডামুন্ডার চরধানকাঠি গ্রামের নেকমত আলী সরদারের ছেলে ওয়াসিম।
মামলার অভিযোগে জানা গেছে,মেহেদী হাসানের সাথে আসামি জাহাঙ্গীর আলমের পরিচয়ের সূত্র ধরে সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর জাহাঙ্গীর আলম অপর আসামিদের সাথে মেহেদী হাসানের সাথে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে আসামিরা মেহেদী হাসানকে ইটালি পাঠানোর প্রস্তাব দেয়। আসামিদের প্রস্তাবে রাজি হয়ে মেহেদী হাসানসহ অপর দুইজনের ইটালি যাওয়ার খরচ বাবদ ২০২৪ সালের ২৫ এপ্রিল থেকে ২৫ অক্টোবরের মধ্যে আসামিদের ৪৫ লাখ টাকা পরিশোধ করে। দুই মাসের মধ্যে তাদের ইটালি নেয়ার কথা থাকলেও আসামি নিতে ব্যর্থ হয়। পরবর্তীতে আসামিদের কাছে ৪৫ লাখ টাকা ফেরত চাইলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি আসামিদের কাছে টাকা ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।



