স্থানীয় সংবাদ

খুলনায় ছিনতাইয়ের সহজ টার্গেটে ইজিবাইক

# গ্রেফতারকৃত দু’জনের স্বীকারোক্তীমূলক জবানবন্দী #
# খালিশপুরে ইজিবাইক ছিনতাইঃ চালককে জবাই করে হত্যার চেষ্টায় মামলা, গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের টার্গেট হয়ে উঠেছে ইজিবাইক। ইজিবাইক ছিনতাই করতে তারা চালককে হত্যা করতেও দ্বিধা করছেন না। এ চক্রে পুরুষের পাশাপাশি যোগ হয়েছেন নারীরা। যাদের মধ্যে কেউ কেউ হয়েছেন গ্রেপ্তারও। সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে খুলনা নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলির ভেতরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ইজিবাইক চালককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে এ চক্রের সদস্যরা। চালকের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় চালক মোহাম্মদ জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত ইজিবাইক চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে। ছিনতাইয়ের ঘটনায় মশিউর রহমান সাগর নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মশিউর খালিশপুর থানা এলাকার আফজালের মোড় এলাকার আফজালের বাড়ির ভাড়াটিয়া রুস্তুম আলীর ছেলে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মশিউর রহমান সাগরকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পলাতক ব্যক্তিরা ইজিবাইক ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গ্রেফতারকৃত সাগরসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এদিকে গত ৭ মার্চ সকালে বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ইজিবাইক চালক মো. হাফিজুল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে তার গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হাফিজুল ইসলাম নগরীর খালিশপুর প্লাটিনাম ২নং গেটের এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা-গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্ট সংলগ্ন মাছের ঘেরের পাশে হাফিজুলকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় তারা। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম (তদন্তকারী কর্মকর্তা) বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই রানা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। পুলিশ এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকসহ বেশ কিছু আলামতও উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা ডিবি পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট জেলার আসামিদের নিজ বাড়ি থেকে হত্যার সাথে জড়িত মামলার অভিযুক্ত খালিশপুর পিপলস কলোনীর মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ হাসান নকিব (৪২) ও পাইকগাছা উপজেলা সনাতন কাটি এলাকার আমজেদ গাজীর মেয়ে রেশমা খাতুনকে (৩২) গ্রেফতার করে। আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয় ইজিবাইকসহ বাইকের পাঁচটি ব্যাটারি ও একটি চাপাতি। গ্রেফতারকৃত দু’জন হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছে। সোমবারই এরা জবানবন্দী দেয় বলে ওসি মোস্তফা খায়রুল বাশার জানান। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। এসব ছিনতাইয়ের শিকার অনেকেই আবার ঋণ নিয়ে কিনেছিলেন ইজিবাইক। ফলে পরিবারগুলোকে স্বজন হারানোর শোকের সঙ্গে বয়ে বেড়াতে হয়েছে ঋণের বোঝাও। মূলত অর্থনৈতিক কারণে ঘটছে এসব হত্যাকা-। ইজিবাইকের প্রতিটি যন্ত্রাংশ আলাদাভাবে খুব সহজেই বিক্রি করা যায় বলেই ছিনতাইয়ে আগ্রহ বেশি ছিনতাইকারীদের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button