একটি মহল আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে ঃ এড. মনা

স্টাফ রিপোর্টার ঃ মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, একটি মহল দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা ক্ষমতার মধু লুটে খাওয়ার মানসে যে ষড়যন্ত্র করছে তা কখনোই সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এই মহলটি আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরীর ৯, ১৮নং ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়ন আয়োজিত ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত নির্যাতিত হয়েছেন। তারপরও সব কিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি যাতে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি না হয়। জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচন অতি প্রয়োজনীয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শফিকুল আলম তুহিন: খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, প্রতিদিনই শিশু ও নারী ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এ জন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এ জন্য কি ড. ইউনূস সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছেন? সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানান। বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরীর কমার্স কলেজ ছাত্রদল, ১৮ নং ওয়ার্ড বিএনপি ও হোটেল টাইগার গার্ডেনে সাবেক খেলোয়ারদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন আরো বলেন, বিগত ৮ মাসে সারা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীন ভূগছে। এ থেকে পরিত্রান পেতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী শীঘ্রই ভোট দিতে হবে। দেশের প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানালেও অন্তর্বরতী সরকার তা ‘কৌশলে’ এড়িয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে একেক সময় একেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে, যা সন্দেহ বাড়াচ্ছে। ড. ইউনূসের মতো এক বিশ্ববরেণ্য মানুষ এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তাই মানুষের তার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এখন মানুষ দেখছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ হয়নি, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।



