স্থানীয় সংবাদ

খুলনাসহ ৬ জেলার ভোক্তা অধিকারের কঠোর অভিযানে ১২ প্রতিষ্ঠানে ১ লাখ ১৩ হাজার জরিমানা

# জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ^াস সংশ্লিষ্টদের #

স্টাফ রিপোর্টার : খুলনায় নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যহত রেখেছেন। ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোক্তা অধিকারের ৬ টিমের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর, ক্রয় ভাউচার যাচাই করাসহ সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। বাজার তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেন সংশ্লিষ্টরা। অভিযান চলাকালে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বাজার তদারকির পাশাপাশি এমন নিয়ম বর্হিভূত কাজের জন্য জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি ও শের-এ-বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার সাজিয়াড়া ও পুলিশ লাইন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার রুপদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে ১২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান চালু রাখা আশ^াস প্রদান করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর খুলনা জেলার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, খুলনার নিত্যপণ্যের বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত রেখেছি। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button