রূপসায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

# অপহৃত ছাত্রীকে উদ্ধার #
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার খান মোহাম্মদপুর এলাকা থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় বিশেষ অভিযানে মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপসার শ্রীফলতলা ক্যাম্প পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। জানা যায়,অপহৃত ৬ষ্ঠ শ্রেণীর ঐ স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতকালে হিমেল হাওলাদার বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভুক্তভোগীর বাবা-মা বিষয়টি জানার পর হিমেল হাওলাদারকে অনুরোধ করে যেন তাদের মেয়েকে আর উত্যক্ত না করে। কিন্তু হিমেল আরও ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।



