দৌলতপুরে মাদক বিরোধী অভিযান অব্যহত

# মাদকের অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশের বিশেষ সফলতা #
# পৃথক ৩ মামলায় ৪ মাদককারবারী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার #
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রো পলিটন পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ওই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ থানা এলাকায় মাদক নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানে অংশ হিসাবে রবিবার (২০ এপ্রিল) রাতে দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকানের মোড় সংলগ্ন হাসপাতালের মেইন গেটের সামনের পাঁকা রাস্তার উপর ইয়াবা বিক্রয়কালে ওই এলাকার বাসিন্দা মানিক হাওলাদারের পুত্র মো. রাব্বী ইসলাম (২২) ও একই এলাকার বাসিন্দা সেকেন্দার মোল্লার পুত্র মো. আকাশ মোল্লা (২০)’কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৯)। একই রাতে দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা মধ্যপাড়া সংলগ্ন জনৈক সালামের মায়ের দোয়া স্টোরের সামনের পাঁকা রাস্তার উপর ইয়াবা বিক্রয়কালে ওই এলাকার বাসিন্দা মৃত: আতাউল ইসলামের পুত্র মো. জাহিদুল ইসলাম (৪০)’কে ৩২ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিস্ট থানার এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-১১)। একই রাতে দৌলতপুর থানাধীন কারিকর পাড়াস্থ আসামী আবুল হোসেন বসতবাড়ীর শয়ন কক্ষের ভেতর হতে পাবলা কারিকর পাড়া এলাকার বাসিন্দা মৃত: আঃ রহমানের পুত্র মো. আবুল হোসনে ওরফে কানা আবুল (৬৫)’কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এস.আই জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-১০)।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, দৌলতপুর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ব্যাপারে কোনো আপোষের সুযোগ নেই। তিনি আরো জানান, কেবলমাত্র মাদক নয়, বরং থানাধীন এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকা-ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৌলতপুর থানা পুলিশ বদ্ধ পরিকর থাকবে।



