স্থানীয় সংবাদ

নিরাপত্তা প্রহরী শারিরীক লাঞ্ছিত খুলনা সড়ক ভবনে দুবৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা সড়ক ভবনে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এ হামলা হয় বলে মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ একাধিক স্থানে দেওয়া লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে। হামলার
সাথে স্থানীয় এক বিএনপি নেতা জড়িত বলে বিভিন্ন সূত্র এবং সিসি ফুটেজে দেখা গেলেও অভিযোগপত্রে কোথাও তার নাম নেই। খুলনা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, সোমবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ১৮/২০ জনের একদল মোটরসাইকেলধারী সড়ক ভবনের কম্পাউন্ডে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী মোঃ আমিনুর রহমানকে কোন কারণ ছাড়াই শারীরিকভাবে লাঞ্ছিত এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে অফিসের অন্যান্য কর্মচারীরা এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত অফিস এলাকা ত্যাগ করে। নাশকতার উদ্দেশে এই হামলা বলেও অভিযোগ উল্লেখ করা হয়। বিভাগীয় কমিশনার ও কেএমপি কমিশনার সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বাক্ষরিত এমন অভিযোগ সেনাবাহিনী ক্যাম্প এবং র‌্যাব-৬এর অধিনায়ক বরাবরও পাঠানো হয়। এছাড়া নিরাপত্তা প্রহরী মোঃ আমিনুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সোনাডাঙ্গা থানার ওসি বরাবর দেওয়া হয়েছে বলে জানা যায়। তাতেও তাকে শারিরীক লাঞ্ছিত করার কথা উল্লেখ করা হয়। এ ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্য জানান, হামলাকারীদের
নেতৃত্ব দেন খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস। ১৫/১৬জনে সওজ ভবনে প্রবেশ করলেও হাবিব বিশ্বাসহ তিনজন তৃতীয়তলার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেনের কক্ষে গিয়ে টেন্ডার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভয়ভীতি দেন। দুপুর সোয়া ১২টার দিকে তারা চলে যান বলেও ওই সদস্য জানান। তবে সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘হামলার কোন ঘটনা ঘটেনি। মোটর সাইকেল রাখা নিয়ে গার্ডের সাথে তর্কাতর্কি হলে আমি আরও গিয়ে থামিয়ে দেই। আমাদেরকে কাজ দেবে না বলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাকির হোসেন এমনটি সাজিয়েছেন। আমরা এতোদিন বঞ্চিত ছিলাম। সেই বিষয়টি তাকে বলেছি। কিন্তু তিনি শেখ বাড়ির এক সময়ের আস্থাভাজন অফিসার তাপসী দাসের বেনামী প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের অনেক ঠিকাদারকে কাজ দিলেও আমাদেরকে কোন কাজ দিচ্ছেন না। এখনও কাজ না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে হামলার কথিত অভিযোগ আনা হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button