নগরীতে বাড়ি ভাংচুর ও লুটপাট মামলার আসামিদের গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার ঃ
নগরীর সোনাডাঙ্গা এলাকায় মোল্লা আকবার উদ্দীন বাবুর বাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে মোল্লা আকবার উদ্দীন বাবু বলেন, গত গত ২৫ এপ্রিল আনুমানিক ভোর ৬টার সময় আমার পৈত্রিক ২০৫, বয়রা মেইন রোডের বাড়িতে সন্ত্রাসীরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে এবং আমার পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা ও পুত্রবধুসহ সকল সদস্যদের উপর ঘুমন্ত অবস্থায় অতর্কিত ভাবে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ সহ জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনে ঘরবাড়ির দরজা ভেঙ্গে অবৈধভাবে অনুপ্রবেশ করে দরজা, জানালা, ঘরের প্রায় সকল আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম, পানির ট্যাঙ্কি, পানির কল ভাঙচুর করে পুরো বাড়ি তছনছ পূর্বক ধ্বংস স্তুপে পরিনত করে। সন্ত্রাসীরা বাড়ির বিদ্যুত লাইন মিটার থেকে বিচ্ছিন্ন করে মিটার লক করে দিয়ে প্রায় আনুমানিক ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও আলমারিতে থাকা আনুমানিক নগদ ৫ লক্ষ টাকা লুট করে এবং আমার পৈত্রিক ভিটায় অবস্থীত ব্যবসায়ীক প্রতিষ্ঠান (আর, এস, মটরস) এর দেওয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় ২/৩লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় ওই দিন সোনাডাঙ্গা থানায় (মামলা নং ২০, তাং-২৫/০৪/২০২৫ইং) এজাহার দায়ের করি। মামলার আসামিরা হলেন, মোল্লা সালাউদ্দিন মিঠু, মোল্লা সোহরাব উদ্দিন শামীম, মোল্লা সদর উদ্দিন পিটু, মোল্লা আসিফ উদ্দীন রোজ, লাইলাতুন নেছা এলিসা, মোল্লা রিয়াজ উদ্দিন রাজুসহ অজ্ঞাতনামা ১০০/১৫০জন। কিন্তু দুঃখের বিষয় এখনও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৈত্রিক সম্পত্তির বিরোধ নিয়ে তাকে এবং তার ৮ বোনকে বঞ্চিত করার জন্যে তার অন্য তিন ভাই মোল্যা সালাউদ্দীন, মোল্লা সোহরাব উদ্দিন ও মোল্লা সদর উদ্দিন সন্ত্রাসীদের দিয়ে এ সন্ত্রাসী ঘটনা ঘটায়। সংবাদ সম্মেলনে বাবুর বোনেরা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।



