স্থানীয় সংবাদ
যশোরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোর ব্যুরো ঃ
যশোরে পুকুরে ডুবে রাইসা নামে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ মে শনিবার সকালে কোতোয়ালি থানার নতুনহাট এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে। রাইসা সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের রনি আহমেদের মেয়ে এবং ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে তার বাবার খালার বাড়ি নতুনহাট এলাকায় বেড়াতে গিয়েছিল। খেলার সময় অসাবধানতাবশত পিতার খালু গাউসুলের বাড়ির পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



