স্থানীয় সংবাদ

খুলনায় মহিলা দলের থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা মহানগর শাখার সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে নবগঠিত মহানগর মহিলা দলের আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা নার্গিস আলী ও যুগ্ম-আহ্বায়ক অ্যাড. হালিমা আক্তার খানম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জরুরি সভার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা-দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। মহানগর মহিলা দলকে সুসংগঠিত করতে দায়িত্ব অপর্ণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিনসহ সংশ্লিষ্ট সব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী। উপস্থিত ছিলেন– যুগ্ম-আহ্বায়ক অ্যাড. হালিমা আক্তার খানম, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, অ্যাড. জাহানারা পারভীন, সালমা বেগম ও শাম্মি চৌধুরী মলি। উল্লেখ্য, গত ৭ মে সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীকে আহ্বায়ক করে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button