আজ খুলনার জোড়াগেট কোরবানীর পশুরহাটের উদ্বোধন

# ৪% হারে হাসিল আদায়ের সিদ্ধান্ত #
# খুলনার সকল সরকারি সংস্থা হাট কমিটি সদস্য#
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের পরিচালনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট-উদ্বোধন করা হবে। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় জোড়াগেট বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কেসিসি কর্তৃক প্রতিবছর এ পশুর হাটের আয়োজন করা হয়। সপ্তাহ ব্যাপী পরিচালিত খুলনার সর্ববৃহৎ পশুরহাট পরিচালনার জন্য ইতোমধ্যে সাজানো হয়েছে বড় দু’টি গেট। পুরো হাটটি সাজানো হয়েছে নানা পসরায়। এষ্টেট অফিসার গাজী সালাহ উদ্দীন বলেন, এবারই প্রথম জোড়াগেট কুরবানী পশুরহাটে ৪% করে হাসিল রাখা হবে। এই নিয়ম এবারই প্রথম চালু করা হয়েছে। বিগত বছরগুলোতে ৫% করে হাসিল রাখা হতো। এছাড়া বিগত বছরে জোড়াগেট কোরবানী পশুরহাটটি কেসিসি পরিচালনার দায়িত্ব পালন করতো। সংশ্লিস্ট বিভাগের সহযোগিতা চাওয়া হতো। এবারই প্রথম কেসিসির একার নিয়ন্ত্রণে হাট থাকছে না। খুলনার ওয়াসা, কেএমপি, জেলা পুলিশ, র্যাব, ওজোপাডিকোসহ সরকারি সকল সংস্থাকে এ হাট পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে। সুতরাং তাদের দায়বদ্ধতা থেকে এবার তারা হাট পরিচালনা করবেন। তাতে করে ইতিবাচক কার্যক্রম বেশী হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এ হাট খুলনার মধ্যে সর্ববৃহৎ পশুরহাট। যা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। হাটে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। রাতে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। থাকবে মানুষ ও পশু চিকিৎসার ব্যবস্থা। থাকবে জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থা। তবে এবার প্রশাসক সাদামাঠা ভাবে হাট উদ্বোধন করবেন।



