তেলিগাতী বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মহিলার মৃত্যু ঃ ময়নাতদন্ত ছাড়াই দাফন

স্টাফ রিপোর্টারঃ নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী দক্ষিণপাড়া সোয়ালের ঘাট বাইপাসে সড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে সালেহা বেগম(৭০) নামের মহিলার মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ২টার দিকে আকন ফিল্ম ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আড়ংঘাটা থানার ওসি তুহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নিহত মহিলা ভিক্ষা করে খেত। তার গ্রামের বাড়ি গিলেতলা এলাকায়। বিকেলে তার মেয়ের নিকট লাশ হস্তান্তর করা হয়। জিডি মূলে ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়। তবে ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই মহিলা এলাকায় ভিক্ষা করে দিন যাপন করতো। ক্লান্ত মহিলা আকন ফিল্ম ষ্টেশনের পাশে বন্ধ করে রাখা ট্রাকের সামনে বসে বিশ্রাম নেয়ার ফাঁকে ঘুমিয়ে পড়েন। চালক চা পান শেষে ট্রাকে উঠে কোন কিছু না দেখেই ট্রাক চালিয়ে চলে যায়। এতে মহিলার শরীরের ওপর দিয়ে দু’চাকা চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



