বাগেরহাটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বেনেগাতি এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবু গোলদার (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় বখাটেরা। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাপাতালে ভর্ত্তি করা হয়েছে। এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে গেলে বাবু গোলদার বলেন, এলাকার বখাটে ছেলেদের অত্যাচারে আমাদের মেয়েরা ঠিকমত স্কুল কলেজে যেতে পারে না। আমার বিবাহিতা মেয়েকে উক্তাক্ত করার প্রতিবাদ করায় গত সোমবার রাতে পাশর্^বর্ত্তি এলাকার সন্ত্রাসী বখাটেরা পরিকল্পিত ভাবে আমাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আহত বাবু গোলদার আরো জানান, তাঁর জামাতা ওমানে থাকেন এবং মেয়ে আকাশি তার মেয়েসহ যাত্রাপুর বাজার এলাকার জনৈক আলী ডাক্তারের বাড়িতে ভাড়া থাকেন। সেখানে আফরা গ্রামের কুদ্দুস শেখ, হাসান শেখ, হোসেন শেখ, মেহেদী ও মোহাম্মদ সোহেল নামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানার পর সোমবার রাত ৯টার দিকে তিনি বেনেগাতি মোড়ে গিয়ে বখাটেদের সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ হাসান ও হোসেন রামদা দিয়ে তাঁর মাথায় কোপ মারার চেষ্টা করে। তিনি কিছুটা সরে গেলেও কোপটি তার চোখের ওপরে লাগে। এরপর তিনি পড়ে গেলে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাহমুদু উল হাসান বলেন, এ ঘটনায় কেহ থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



