স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় ভৈরব নদের সাথে সংযুক্ত নাক কাটি খাল এখন মানুষের জন্য মরণ ফাঁদ

দিঘলিয়া প্রতিনিধি ঃ
দিঘলিয়ায় ভৈরব নদের সাথে সংযোগ খালটি বর্তমানে এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। খালটির ভাঙ্গন যেন থামছেনা। ইতোমধ্যে প্রবল বর্ষণে খালটির দুই পাড়ের বহু জমিন ভাঙ্গনের কবলে পড়েছে। খাল পাড়ের অনেক বসত বাড়িতে ফাটল দেখা দিছে। ফরমাইশখানা গ্রামের খাল পাড়ের কয়েকটি পরিবার ইতোমধ্যে ঝুঁকির মধ্যে বসবাস করছে। সরকারি পাকা রাস্তাসহ অনেকের খাল পাড় দিয়ে বাড়িতে প্রবেশ করার রাস্তা ভেঙ্গে খালে পড়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের স্মার্ট কৃষি প্রকল্পের আওতায় এলাকার কৃষি ও মাছ চাষ উন্নয়নে কয়েকটি খাল খননের পাশাপাশি সাড়ে ৪ কিলো মিটার এ খালটি খনন করা হয়। কোদালের পরবর্তে ভেকু দিয়ে খালটি খনন কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে ঠিকা দেওয়া হয়। লোকালয়ে এবং খাল পাড়ের অনেক গাছ কর্তনের জন্য ২০২৩-২৪ অর্থ বছরে এলাকার একটা মহলের চাপে খাল কাটা বন্ধ হয়ে যায়। জুলাই বিপ্লবের পরে ২০২৪-২৫ অর্থ বছরে এলাকার সর্ব মহলের সাথে মতবিনিময় সভার মাধ্যমে উক্ত ঠিকাদার জনপদের মাঝে কোদাল ব্যবহার ও বেশীরভাগ এলাকায় ভেকুর মাধ্যমে খালটি খনন কাজ সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন স্থানীয় প্রশাসন। খাল খনন কর্মসূচিতে নিয়োজিত ঠিকাদার নানা বাধা ও প্রতিকূলতার মাঝে খালটির খনন কাজ সম্পন্ন করেন।
কিন্তু খালটি খনন কাজ সম্পন্ন করে ঠিকাদার বিদায় নেওয়ার কয়েক মাসের মধ্যে প্রবল বর্ষণের পানির চাপে খাল পাড়ের অনেক লোকের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এলাকার সরকারি পাকা সড়ক, খাল পাড়ের কাঁচা রাস্তা, ফসলী জমিসহ নানা স্থাপনা খালের ভাঙ্গনে খালের গর্ভে বিলীন হয়েছে। সম্প্রতি ফরমাইশখানা গ্রামের কয়েকটা বসতবাড়িতে ফাটল দেখা দিয়েছে। খাল পাড়ের রাস্তা খালের ভেতর ভেঙ্গে পড়েছে। খাল পাড়ের পাকা সড়ক পেলা সাইডসহ ভেঙ্গে পড়েছে। একটি খাল পাড়ের জনৈক বাড়ির মালিকের আবেদনের অনুকূলে সোয়া ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেন উপজেলা প্রশাসন। বর্ষার পানির তোড়ে সদ্য নির্মিত প্যালাসাইডটি ভেঙ্গে খালের মাঝে পড়ে গেছে। উক্ত বাড়িটিসহ ফরমাইশখানা গ্রামের বেশ কয়েকটি খাল পাড়ের বসতঘর ঝুঁকিতে পড়েছে। এমনকি ভাঙ্গন এলাকার ব্রীজগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আরিফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, খালপাড়ের জমি ও বাড়িগুলোসহ এলাকার বর্ষার পানি গড়িয়ে খালে পড়ে। এ এলাকায় প্রবল বর্ষণের কারণে নব নির্মিত খালের পাড় ছাপিয়ে পানি নামার কারণে খাল পাড় ভেঙ্গে পড়ছে। বৃষ্টির মৌসুম শেষে দেখে শুনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button