খুলনায় গ্যাস ফিলিং ষ্টেশনের আড়ালে ক্রস ফিলিং!

# অটো গ্যাস ফিলিং স্টেশনকে দু’ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর মোস্তর মোড় সিটি বাইপাস এলাকায় সুরাইয়া অটো গ্যাস ফিলিং স্টেশনের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে এলপি গ্যাসের অবৈধ ‘ক্রস ফিলিং’। ঝুকিপূর্নভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাতকরণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সেই সাথে কম ওজনের গ্যাস কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। এদিকে শনিবার অবৈধভাবে গ্যাস ফিলিং করা বিভিন্ন ব্রান্ডের ঝুকিপূর্ন ৬৮টি এলপিজি সিলিন্ডারসহ একটি মিনি পিকআপ আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে ফিলিং করার অভিযোগে সুরাইয়া অটো গ্যাস ফিলিং স্টেশনের মালিক রেজাউল গাজীকে দু’ লাখ জরিমানা করা হয়। একই সাথে বৈধ কোন কাগজপত্র না থাকায় বিষ্ফোরক অধিদপ্তর ফিলিং স্টেশনটি সিলগালা করে। এ অভিযানে নেতৃত্ব দেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। বিশ্লেষকরা বলছেন, অটো গ্যাস পাম্পে এ ধরনের ফিলিং প্রক্রিয়া যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি ব্যবহারও ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপত্তার কথা না ভেবেই অধিক মুনাফার আশায় অসাধু ব্যক্তিরা এ ধরনের বিপদজনক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন।



