দিঘলিয়ায় মাদকের আমদানি কেনা-বেচার প্রসার লাভ যুব সমাজ হুমকির মুখে

# অভিভাবক মহল উদ্বিগ্ন ও শঙ্কিত #
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় মাদকের আমদানি ও বেচাকেনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। দিন দিন সমাজের যুব সমাজ এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মাদকাসক্ত ও কেনাবেচার সাথে জড়িত হয়ে পড়ছে। মাদকের মুনাফার টানে সহজে জড়িয়ে পড়ছে মাদকের ব্যবসায়, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো প্রকার ফল পাচ্ছে না। যে কারণে অভিভাবক ও শিক্ষকমহল উদ্বিগ্ন ও শঙ্কিত।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়ার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে আনাচে কানাচে বর্তমানে নানা ধরণের নেশা দ্রব্য আমদানি ও অবাধে সকাল থেকে গভীর রাত অবধি প্রকাশ্যে কেনা বেচা চলছে।
আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা আসে আর যায়। মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষককের ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না। এ সকল মাদক কারবারকে ঘিরে দিঘলিয়ায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। হত্যাকান্ড, মারামারি, চুরি-ডাকাতি, ছিনতাইসহ যা কিছু ঘটছে সমাজে এ মাদকের প্রসার ও প্রভাবের কারণে হচ্ছে।
দিঘলিয়ার সচেতন নাগরিক, শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিকমহলসহ সকল নাগরিক আজ মাদকমুক্ত সমাজ গঠনের কথা বললেও সমাজে মাদকের আমদানি ও বেচাকেনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে এমনটায় জানিয়েছেন বিজ্ঞমহল। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, সমাজে মাদক আমদানি ও বেচাকেনার সিন্ডিকেট তৈরি হয়েছে। সমাজের কেউ যদি তাদের ব্যাপারে কথা বলে তখনই তারা সংঘবদ্ধ হয়ে দল পাকায়। ক্ষতি করার প্রকাশ্য হুমকি দেয়। মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার কথা জোরে সোরে প্রচার করতে থাকে। যে কারণে মানুষ প্রতিকারের বদলে শঙ্কিত হয়ে পড়ে এমনটাই জানিয়েছেন সমাজের সচেতন নাগরিকেরা।



