মোল্লাহাটে ট্রাক, মোটরসাইকেল ভ্যান ত্রিমুখি সংঘর্ষ : নিহত-১

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা খুলনা মহাসড়কের শুড়িগাতী সরকারী পুকুর নামক স্থানে ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় ঢাকা গামী একটি দশ চাকা ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক অবনী মন্ডল(৪৮) গুরুতর আহত হয়, এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি ভ্যানে আঘাত করলে ভ্যানের যাত্রী ও চালক আহত হয়।
এ সময় স্থানীয়দের ডাক চিৎকারে সবাই দৌড়ে এসে ট্র্যাকটি আটক করে। গুরুতর আহত কারিগরি শিক্ষক অবনী মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবনী মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বকচর গ্রামের অমূল্য মন্ডলের ছেলে। আহতরা হলেন গাওলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং ভ্যানচালক তৈয়ব আলী।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক ট্র্যাকটি পুলিশ আটক করে। ঢাকা মেট্রো, ট-১৫-৪৩২৩ নাম্বারের ট্রাকটি মোল্লাহাট হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।



