বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিএনপি- জামায়াতের ৩ দিনের হরতালসহ আন্দোলন কর্মসুচী

# সংবাদ সম্মেলন #
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে এবং ৪টি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে বিএনপি-জামায়াত। রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো কনভেনর এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির আলাপসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বাগেরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বিক্ষোভ মিছিল। সোমবার বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান, মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার আবারও জেলা ব্যাপী ৪৮ ঘন্টা হরতাল। এর আগে শনিবার দুপুরে বাগেরহাট শহরের একটি হোটেল মিলনায়তনে এক জরুরি সভা করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।



